আকস্মিকভাবে বন্ধ হলো কানাডাভিত্তিক অ্যাকাউন্টিং স্টার্টআপ বেঞ্চ
কানাডাভিত্তিক অ্যাকাউন্টিং স্টার্টআপ বেঞ্চ হঠাৎ করেই তাদের সেবা বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে একটি নোটিশে জানানো হয়েছে, “২৭ ডিসেম্বর ২০২৪ থেকে বেঞ্চ প্ল্যাটফর্ম আর ব্যবহারযোগ্য থাকবে না। আমরা জানি এই খবর আকস্মিক এবং ব্যবহারকারীদের জন্য অস্বস্তিকর হতে পারে। তাই আমরা সুষ্ঠুভাবে পরিবর্তন প্রক্রিয়ায় সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছি”। খবর টেকক্রাঞ্চ।
বেঞ্চের সেবা বন্ধ হওয়ায় ৩৫ হাজারের অধিক মার্কিন গ্রাহক বিপাকে পড়েছেন। গ্রাহকদের ২০২৫ সালের মার্চ পর্যন্ত তাদের ডেটা ডাউনলোডের সময় দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের নতুন অ্যাকাউন্টিং স্টার্টআপ "কিক"-এ স্থানান্তরের পরামর্শ দিয়েছে।
বেঞ্চ ২০২১ সালে ৬০ মিলিয়ন ডলার ফান্ড সংগ্রহ করেছিল। তবে প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও ইয়ান ক্রসবি অভিযোগ করেছেন, বোর্ডের সদস্যরা তাকে সরিয়ে নতুন সিইও নিয়োগের পর প্রতিষ্ঠানটি ভিন্ন পথে চলে যায়, যার ফলাফল হলো আজকের এই পরিস্থিতি।
বেঞ্চের বন্ধ হওয়া শুধু গ্রাহকদের জন্য নয়, বরং পুরো স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য একটি সতর্কতা। ক্রসবি এটিকে বিনিয়োগকারীদের জন্য একটি শিক্ষা বলে অভিহিত করেছেন এবং বলেছেন, “প্রতিষ্ঠাতা বদল করে কোনো প্রতিষ্ঠানের উন্নতি সম্ভব নয়। এটি কখনো কাজ করে না”।
ডিবিটেক/বিএমটি





